২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

ক্রীড়া

সাফ বাংলাদেশের কাছে এক দুঃস্বপ্নের নাম

মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।

১৬ নভেম্বর, ২০২৬ এ ১৯:২৮
সাফ বাংলাদেশের কাছে এক দুঃস্বপ্নের নাম
ছবি: সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: সর্বশেষ ২০০৩ সালে চ্যাম্পিয়ন আর ২০০৫ সালে শেষবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবার দারুণ একটা দল নিয়েও ফাইনাল থেকে গেলে দুঃস্বপ্ন হয়ে। দল হিসেবে পাকিস্তানের চেয়ে ভালো হলেও ফল নিজেদের পক্ষে আসেনি। সাফের সেমিফাইনালে ০-১ গোলে পাকিস্তানের কাছে হেরে গেছে। ৮৬ মিনিটের গোলে হার মানতে হয় রাল সবুজ প্রতিনিধিদের। সাফ যেন বাংলাদেশের কাছে চরম এক দুঃস্বপ্নের নাম।

২০১৮ থেকে ২০২৬: ঘরের মাঠে বাংলাদেশকে তাড়া করে ফিরছে সেই একই দুঃস্বপ্ন। আট বছর পর আবারও সেই পুরোনো কষ্ট আর হতাশা ফিরে এল বাংলাদেশের ফুটবলে। আর আরও একবার গোলরক্ষকের ভুলেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন হাতছাড়া হলো লাল-সবুজের প্রতিনিধিদের। ঢাকা জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে মেহেদী হাসান শ্রাবণের শেষ মুহূর্তের এক ভুলে পাকিস্তানের কাছে হেরে ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে নিষ্ঠুরভাবে বিদায় নিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে আরও এক সুযোগ হারানোর যন্ত্রণায় পুড়তে হলো স্বাগতিকদের। এই দৃশ্য ২০১৮ সালের সেই ভয়াবহ স্মৃতিকেই নতুন করে ফিরিয়ে আনল। সেবারও ঘরের মাঠে আঞ্চলিক এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শেষ হয়েছিল।

ক্যানভাসে পুরানো দৃশ্য। ২০১৮ গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে কেবল ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হতো বাংলাদেশের। কিন্তু ম্যাচজুড়ে ছন্নছাড়া ফুটবলের মাঝে প্রথমার্ধে গোলরক্ষক শহীদুল আলম সোহেলের এক ভুলে সব তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ম্যাচের ৩৩তম মিনিটে নেপালের দশ নম্বর জার্সিধারী বিমল ঘার্তি মাগারের নেওয়া এক সাধারণ ফ্রি-কিক তালুবন্দী করতে ব্যর্থ হন সোহেল। হাত ফসকে বল জালে জড়িয়ে গেলে শুরুতে প্রাধান্য বিস্তার করে খেলা বাংলাদেশ মাঝমাঠে খেই হারিয়ে ফেলে। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠা বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি খেলোয়াড় নবযুগ শ্রেষ্ঠ। ৯০তম মিনিটে বিশাল রাইয়ের পাস থেকে গোল করে নেপালের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি। ওই হারের পর রীতিমতো ভেঙে পড়েছিলেন সোহেল।

সময়ের হিসেবে আট বছর পর ঠিক একই জায়গায় দাঁড়িয়ে প্রায় একই রকম দুঃস্বপ্নের মুখোমুখি হলো বাংলাদেশ। মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন। পুরো টুর্নামেন্টজুড়ে বাংলাদেশের ভরসা হয়ে থাকা শ্রাবণ ৮৬তম মিনিটে আব্দুল সামাদ শাহজাদের নেওয়া নিচু বাঁ পায়ের শট আটকাতে ব্যর্থ হন। তার হাত ফসকে বল জালে গড়িয়ে গেলে ম্যাচে ফেরার মতো আর কোনো সময়ই বাকি ছিল না বাংলাদেশের হাতে। একটি পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করতে গিয়ে বদলি ফরোয়ার্ড হাইয়ান খট্টকের কাছে বল হারান তিনি। এরপর অসহায়ভাবে দেখেন, খট্টকের বাড়ানো বল থেকেই জয়সূচক গোলটি করছেন শাহজাদ। ম্যাচের শুরুতে বেশ কয়েকটি দারুণ সেভ করা এই গোলরক্ষকের জন্য শেষটা হলো ভীষণ নিষ্ঠুর।

২০১৮ সালের সঙ্গে এই হারের মিলগুলো রীতিমতো চমকে দেওয়ার মতো। আট বছরের ব্যবধানে গোলরক্ষক বদলেছে, কিন্তু পরিণতি একই, ব্যক্তিগত এক ভুলে পুরো দল আর কোটি সমর্থকের হৃদয়ভঙ্গ। এবারের হারটি মেনে নেওয়া আরও বেশি কঠিন, কারণ এই দলটিকে ঘিরে প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী। হামজা চৌধুরীকে কেন্দ্র করে গড়া এই দলটি কাগজে-কলমে ছিল সাফের ইতিহাসে বাংলাদেশের অন্যতম সেরা স্কোয়াড। তারিক কাজী, জিদান আলেক্সজান্ডার ইউসুফ, জায়ান আহমেদ, শমিত সোম, সৈয়দ শাহ কাজেম কিরমানি ও সুকি ইতোফুসার মতো প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি দলে নতুন প্রাণের সঞ্চার করেছিল। ফারহান আলী ওয়াহিদ দলটির আক্রমণভাগের শক্তি বাড়িয়েছিলেন আরও বহুগুণ। গ্রুপ 'এ' এর শেষ ম্যাচে টমাস ডুলির শিষ্যরা যখন শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করল, তখন সেই প্রত্যাশাকে যথার্থই মনে হচ্ছিল। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অন্যতম সেরা পারফরম্যান্স ছিল সেটি। কিন্তু সেমিফাইনাল এসে পুরোনো দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এল। খেলোয়াড়দের মান এবং মাঠের খেলায় এত উন্নতির পরও বড় মঞ্চে স্নায়ুচাপ ধরে রাখতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। ব্যক্তিগত ভুল, শেষ মুহূর্তে গোল হজম এবং গুরুত্বপূর্ণ সময় সামাল দিতে না পারার পুরোনো রোগই বারবার ডোবাচ্ছে দলকে। দলের অগ্রগতি চোখে পড়ার মতো হলেও প্রত্যাশিত ফলাফল আসছেনা।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
Saff Final: Bangladesh's Nightmare Returns After Goalkeeper Error | ২৪ঘণ্টা