২৪ঘন্টা অনলাইন: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। অনুকূল আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকলে আজ ১৬ নভেম্বর এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তি নম্বর-০৪-এ এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ নভেম্বর মধ্যরাতে গভীর নিম্নচাপটির অবস্থান ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এ সময় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে এর শক্তি আরও বাড়তে পারে। এ গতিপথ ও শক্তি বৃদ্ধির ধারাবাহিকতায় সোমবারই এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার সময় তা ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের আশপাশের সাগর ইতোমধ্যে খুবই উত্তাল হয়ে উঠেছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গভীর নিম্নচাপটি পরবর্তী সময়ে কোন দিকে অগ্রসর হয় এবং কতটা শক্তি সঞ্চয় করে, তার ওপর নির্ভর করছে পরবর্তী আবহাওয়া পরিস্থিতি। তাই সাগরে চলাচলকারী নৌযানগুলোকে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।



