২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

শিক্ষা-প্রযুক্তি

নির্ধারিত তারিখেই ভর্তি পরীক্ষা (ঢাবি)

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হবে ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

১০ নভেম্বর, ২০২৬ এ ১১:৪২
নির্ধারিত তারিখেই ভর্তি পরীক্ষা (ঢাবি)

২৪ঘন্টা অনলাইন: বিশ্ববিদ্যালয় মঞ্জ‍ুরি কমিশনের (ইউজিসি) অনুরোধ সত্ত্বেও পূর্বঘোষিত সূচিতেই ডিসেম্বরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ফলে এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীরা অনিশ্চয়তায় পড়েছেন।

গতকাল সোমবার ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। এ ছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদ্দী আলফেছানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল ইউজিসি। এ নিয়ে গতকাল সকালে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ইউজিসির বৈঠক হয়। বৈঠকে ইউজিসির প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

বৈঠক শেষে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ জানান, আগামী জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন নেওয়া শুরু হবে। ফেব্রুয়ারি থেকে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ, পরীক্ষার সময়সূচি, এইচএসসির সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ ও ভর্তি কার্যক্রমে সমন্বয়ের বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে সমন্বয় করে পরীক্ষার তারিখ ঠিক করবে। তবে ঢাবি ডিসেম্বরেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা শঙ্কায় পড়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হবে ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আইবিএ ইউনিটের পরীক্ষা হবে ৫ ডিসেম্বর (শনিবার), বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর (শনিবার), কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর (শনিবার), চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অংকন) ২২ ডিসেম্বর (মঙ্গলবার) এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ২৬ ডিসেম্বর (শনিবার)।

আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে। বাকি ইউনিটগুলোর পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা ও আইবিএ বাদে বাকি তিন ইউনিটের পরীক্ষা ঢাকা ছাড়াও আটটি বিভাগীয় শহরে নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

আবেদন ফি আইবিএ ইউনিটে ১ হাজার ৫০০ টাকা, চারুকলায় ১ হাজার ৪০০ টাকা এবং বাকি ইউনিটগুলোতে ১ হাজার ২০০ টাকা করে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram