বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ

২৪ঘণ্টা অনলাইন: মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়তে তাঁকে নোটিশ দিয়েছে অভিবাসন দপ্তর।
ঘটনার সূত্রপাত গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভ থেকে। সেখানে অংশ নেওয়ায় পুলিশ ইমরান খানকে অল্প সময়ের জন্য আটক করে। পরে পুলিশ ভ্যানে বসে তোলা নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আপাতত ড্রাইভে যাচ্ছি!’ ক্যাপশনে পোস্ট করেন তিনি।
ইমরান খান যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী মার্কিন নাগরিক। ভারতে তিনি মার্কিন পাসপোর্ট ও ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডের মাধ্যমে বসবাস করেন।
বিজেপি নেতা ও সাবেক সংসদ সদস্য কিরিট সোমাইয়া অভিযোগ করেন, বিদেশি নাগরিক ও ওসিআই কার্ডধারী হিসেবে ভারতে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার অধিকার ইমরান খানের নেই। প্রতিবেদনে বলা হয়েছে, এর পরিপ্রেক্ষিতে অভিবাসন ও বিদেশি নাগরিক আইন অনুযায়ী তাঁকে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ইমরান খান জানিয়েছেন, কোনো বিশেষ দাবি নিয়ে নয়, বরং সাধারণ নাগরিক ও মুম্বাইয়ের একজন বাসিন্দা হিসেবেই তিনি বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
এদিকে কিরিট সোমাইয়া তাঁর কর্মকাণ্ডকে ‘রাজনৈতিক উগ্রবাদ’ আখ্যা দিয়ে কঠোর শাস্তি ও দ্রুত বহিষ্কারের দাবি জানিয়েছেন।
