মামলার জেরে হানি সিংকে সাইবার সেলের তলব

২৪ঘণ্টা অনলাইন : অশালীন মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও মহারাষ্ট্র সাইবার সেলে হাজির হননি বলিউডের র্যাপার হানি সিং। নির্ধারিত সময়ে হাজির না হয়ে প্রতিনিধি মারফত আরও সময় চেয়ে আবেদন করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৫ অক্টোবর মহারাষ্ট্র সাইবার সেলে হানি সিংয়ের হাজির হওয়ার কথা ছিল। তবে তিনি নিজে উপস্থিত না হয়ে তার প্রতিনিধির মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেন।
চলতি বছরের জানুয়ারিতে দিল্লির একটি কনসার্টে যৌন সম্পর্ক ও কনডম ব্যবহার নিয়ে দর্শকদের উদ্দেশে অশালীন ভাষায় মন্তব্য করেন হানি সিং। সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।
পরে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান এই গায়ক। অনিরাপদ যৌনতার স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে তরুণদের সচেতন করতেই অনানুষ্ঠানিক ভাষা ব্যবহার করেছিলেন বলে ব্যাখ্যা দেন তিনি।
তবে তার ব্যাখ্যার পরও বিতর্ক থামেনি। অশালীন মন্তব্য ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিষয়টি আইনি প্রক্রিয়ায় গড়ায়। সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য হানি সিংকে তলব করেছে মহারাষ্ট্র সাইবার সেল।
