দ্বিতীয় সন্তানের অপেক্ষায় কিয়ারা-সিদ্ধার্থ

২৪ঘণ্টা অনলাইন : দ্বিতীয় সন্তানের সুখবর দিয়েছেন বলিউড তারকা কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ ছবি প্রকাশ করে নতুন অতিথির আগমনের খবর জানিয়েছেন তারা।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে কিয়ারা, সিদ্ধার্থ ও তাদের মেয়ে সারায়াহর হাতে ছোট্ট একজোড়া শিশুর জুতা দেখা যায়। ছবির সঙ্গে কিয়ারা জানান, জীবনের সবচেয়ে বড় উপহারে আবারও তারা আশীর্বাদপুষ্ট হয়েছেন। নতুন এই সুখবর তাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরিয়ে দিয়েছে বলেও জানান তিনি।
২০২৫ সালের নভেম্বরে কিয়ারা-সিদ্ধার্থের প্রথম সন্তান সারায়াহর জন্ম হয়। মেয়ের জন্মের পর অভিনয়ে ফিরেছেন কিয়ারা। চলতি বছর যশের সঙ্গে ‘টক্সিক’ সিনেমাতেও দেখা গেছে তাকে।
‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের সময় ২০২১ সালে কিয়ারা ও সিদ্ধার্থের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরে বিয়ে করেন তারা।
প্রথম সন্তানের পর এবার দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় এই তারকা দম্পতি। নতুন অতিথিকে ঘিরে তাদের পরিবারে এরই মধ্যে শুরু হয়েছে আনন্দের আবহ।
