রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়াম দেশে পৌঁছেছে

২৪ঘণ্টা অনলাইন: রাশিয়া থেকে রওনা হয়ে ভারত হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামবাহী একটি বিমান বাংলাদেশে পৌঁছেছে। ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) কর্মকর্তারা ইউরেনিয়ামের চালান গ্রহণ করেন। পরে কঠোর নিরাপত্তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাহারায় চালানটি পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, ইউরেনিয়াম ঢাকায় পৌঁছানোর পর তা রূপপুরে নেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর নিরাপত্তায় চালানটি প্রকল্প এলাকায় পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে মোট নয়টি ফ্লাইটে রূপপুর প্রকল্পের জন্য অতিরিক্ত ইউরেনিয়াম দেশে আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা রয়েছে।
রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব ইউরেনিয়াম বাংলাদেশে পৌঁছাবে।
এর আগে ২০২৩ সালে রূপপুরের প্রথম ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি দেশে আনা হয়। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়েছে।
এদিকে রূপপুর প্রকল্পের স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষাতেও অগ্রগতি হয়েছে। প্রথম দুটি ভালভের পরীক্ষা সফল হলেও তৃতীয়টির পরীক্ষায় প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। সেটি পুনরায় পরীক্ষার প্রস্তুতি চলছে।
প্রকল্প পরিচালক ড. কবির হোসেন জানিয়েছেন, বিষয়টি বড় কোনো সমস্যা নয়। মূল সমস্যার সমাধান হয়েছে এবং তৃতীয় ভালভের বিষয়টিও দ্রুত সমাধান করা হবে বলে আশা করা হচ্ছে।
