রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

২৪ঘণ্টা অনলাইন : সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে আলোচনায় আসা ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে অডিওটি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাকিবুল হাসানকে ডিবিতে নেওয়া হয়েছিল। বিষয়টি তদন্তে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে পুলিশ, সরকার ও বিভিন্ন বাহিনী নিয়ে নানা বক্তব্য শোনা যায়। পুলিশের পদায়নসহ বিভিন্ন বিষয়ে অভিযোগও ছিল ওই অডিওতে। তবে রাকিবুল হাসান অডিওটি নিজের নয় বলে দাবি করে জানিয়েছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।
অডিওটি ছড়িয়ে পড়ার পর তাকে ক্যান্টনমেন্ট থানার ওসির পদ থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে এ বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদ করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে ডিবি। পরে মামলার তদন্তের জন্য তার রিমান্ড চাওয়া হয়। সর্বশেষ আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন।
পুলিশের সূত্র অনুযায়ী, রাকিবুল হাসান এর আগে খুলনা রেঞ্জের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন। পরে ডিএমপিতে বদলি হয়ে ভাটারা, গুলশান ও ক্যান্টনমেন্ট থানায় দায়িত্ব পালন করেন।
