২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৪ঘণ্টা অনলাইন: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে তিনি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়াই প্রধানমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য। সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকার তুলে ধরবেন তিনি।
নিউইয়র্ক অবস্থানকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি সাইডলাইন বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সাইডলাইন বৈঠকগুলোর সিদ্ধান্ত অনেক সময় শেষ মুহূর্তে চূড়ান্ত হয়। ট্রাম্প প্রধানমন্ত্রীকে দেখতে চান বলেও জানিয়েছেন। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর কার কার সঙ্গে বৈঠক হবে, তা জানানো হবে।
এদিকে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে রোহিঙ্গা সংকটও বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সংকটের সমাধানে বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর এবারের নিউইয়র্ক সফরকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বৈশ্বিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অবস্থান তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
