কৃত্রিম সংকট তৈরি করছে ফ্যাসিস্টদের দোসররা: স্বাস্থ্যমন্ত্রী

২৪ঘণ্টা অনলাইন : বর্তমান সরকারকে ব্যর্থ করতে ফ্যাসিস্টদের দোসররা দেশে নানা ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
৩১ আগস্ট দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি চক্র প্রথমে জ্বালানি সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চেয়েছিল। তারা দিনের পর দিন বিভিন্ন পাম্পে ঘুরে তেল সংগ্রহ করছিল। তবে সরকারের কঠোর পদক্ষেপের কারণে এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
সারের কৃত্রিম সংকট নিয়েও কথা বলেন তিনি। মন্ত্রীর দাবি, আগের বছরের তুলনায় দেশে পর্যাপ্ত সার মজুদ থাকলেও ফ্যাসিবাদী আমলের ডিলারদের একটি অংশ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে একজন করে সার ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এলএনজি আমদানির বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে আমদানিতে কিছুটা সমস্যা হলেও গ্যাস ও বিদ্যুতের ঘাটতি কমাতে সরকার উচ্চমূল্যে এলএনজি কিনেছে। আগামী সপ্তাহের মধ্যে ৯ থেকে ১০টি বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
বিদ্যুতের দীর্ঘমেয়াদি সমাধানে সরকার তিন ও পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং অকৃষি জমিতে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি জানান, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে ‘হেলথ অ্যান্ড ওয়েলবিং সেন্টার’ স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৪২ হাজার ৩৯০ জন নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। সভায় খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মঈনুল ইসলাম খান এবং পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
