মহেশখালীর পথে তারেক রহমান

২৪ঘণ্টা অনলাইন : ঢাকা থেকে হেলিকপ্টারে করে কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৯ আগস্ট সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, মহেশখালী সফরে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন।
এরপর তিনি বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর করবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন।
পরে দুপুর ২টায় ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল সোয়া ৩টায় হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।
বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের একটি হোটেলে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
অতিরিক্ত প্রেসসচিব জানান, ঢাকা থেকে মহেশখালী পর্যন্ত প্রধানমন্ত্রী হেলিকপ্টারে যাবেন। এরপর ফটিকছড়ি থেকে সড়কপথে চট্টগ্রামে যাবেন।
সফরের সব কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
