মক্কা চুক্তি কারও বিরুদ্ধে নয়: তুরস্ক

২৪ ঘণ্টা অনলাইন : সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত নতুন সামরিক সহযোগিতা চুক্তি ‘মক্কা চুক্তি’ কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি বলে জানিয়েছে তুরস্ক। দেশটির দাবি, এই চুক্তির মূল উদ্দেশ্য তিন দেশের যৌথ নিরাপত্তা জোরদার করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা।
৭ আগস্ট সৌদি আরবে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে এবং সম্মিলিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
চুক্তি ঘিরে ইরানকে লক্ষ্য করা হয়েছে—এমন আলোচনা শুরু হলেও তুরস্কের প্রেসিডেন্সির কমিউনিকেশন্স ডিরেক্টর বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ‘মক্কা চুক্তি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়; এটি যৌথ নিরাপত্তা ও প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ।’
তুরস্কের মতে, এই সহযোগিতা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।
অন্যদিকে, চুক্তি স্বাক্ষরের পরই ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই এর সমালোচনা করেন। তিনি বলেন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে এই চুক্তি সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তার দাবি, নিরাপত্তা নিশ্চিত করতে হলে সৌদি আরবকে নিজেদের নীতিতে পরিবর্তন আনতে হবে, শুধু সামরিক চুক্তির ওপর নির্ভর করলে হবে না।
