মন্ত্রী-এমপির বেতন বাড়ানোর প্রস্তাব নুরের

২৪ ঘণ্টা অনলাইন : সংসদ সদস্য ও মন্ত্রীদের জন্য বাস্তবসম্মত বেতন কাঠামো প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি প্রস্তাব করেছেন, একজন সংসদ সদস্যের মাসিক বেতন ৫ লাখ টাকা এবং একজন মন্ত্রীর বেতন ১০ লাখ টাকা নির্ধারণ করা উচিত।
৭ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
নুরুল হক নুর বলেন, বর্তমান বেতন ও ভাতা জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নির্বাচনী এলাকায় চিকিৎসা, শিক্ষা, খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা দিতে গিয়ে অনেক জনপ্রতিনিধি অতিরিক্ত চাপের মুখে পড়েন।
তার মতে, যাদের ব্যক্তিগত আর্থিক সামর্থ্য সীমিত, তাদের জন্য বিদ্যমান বেতনে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ে। এতে অনৈতিকভাবে অর্থ উপার্জনের প্রবণতা তৈরি হতে পারে। দুর্নীতি কমাতে সম্মানজনক ও বাস্তবসম্মত বেতন-ভাতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও প্রস্তাব দেন, দায়িত্বে থাকা প্রতিটি সংসদ সদস্যকে সরকারের পক্ষ থেকে একটি গাড়ি দেওয়া যেতে পারে, যা মেয়াদ শেষে সরকারি পরিবহন পুলে ফেরত দিতে হবে। সচিবসহ অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মতো এমপিদেরও এ ধরনের সুবিধা থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
সিঙ্গাপুর ও মালয়েশিয়ার উদাহরণ তুলে ধরে নুর বলেন, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের যথাযথ বেতন নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ফলেই দেশ দুটিতে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়নের আশাও প্রকাশ করেন। একই সঙ্গে জনসেবার মান উন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
এ ছাড়া প্রবাসীদের সেবা সহজ করতে সরকার শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালু করবে বলেও জানান তিনি। তার ভাষ্য, এই কার্ডধারীরা বিভিন্ন সরকারি সেবা গ্রহণে বিশেষ অগ্রাধিকার পাবেন।
