বলিউড ছাড়তে চেয়েছিলেন ইয়ামি

২৪ঘণ্টা অনলাইন : বলিউডে অভিষেকের পর প্রথম সিনেমাই সফল হয়েছিল। তবুও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগ না পেয়ে অভিনয়জীবন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। এমনকি হিমাচল প্রদেশে ফিরে পারিবারিক কৃষিজমিতে কাজ করে নতুন জীবন শুরু করার পরিকল্পনাও করেছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি জানান, ২০১২ সালে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হলেও এরপর প্রত্যাশিত চরিত্রের প্রস্তাব পাননি। দীর্ঘ সময় ধরে সীমিত ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসায় তিনি হতাশ হয়ে পড়েন।
অভিনেত্রী বলেন, ২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ মুক্তির আগে তিনি প্রায় নিশ্চিত হয়েই অভিনয়জগৎ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
ইয়ামির ভাষায়, “আমি ঠিক করে ফেলেছিলাম, আর নয়। বাড়ি ফিরে যাব। আমাদের হিমাচলে চাষের জমি আছে। সেখানেই অন্যরকম জীবন শুরু করব। আমার বাবা-মাও বলেছিলেন, ‘বাড়ি ফিরে এসো।’”
তবে ভাগ্য বদলে যায় খুব অল্প সময়ের মধ্যেই। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এবং পরে ‘বালা’-এর সাফল্য তার ক্যারিয়ারে নতুন মোড় এনে দেয়। এরপর একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি।
বলিউডে ‘বহিরাগত’ হিসেবে কাজের অভিজ্ঞতা নিয়েও খোলামেলা কথা বলেন ইয়ামি। তার মতে, চলচ্চিত্র পরিবার থেকে না এলে নিজের যোগ্যতা প্রমাণ করতে অনেক বেশি লড়াই করতে হয়।
তিনি বলেন, অনেক সময় প্রস্তুত থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ সুযোগ অন্যদের কাছে চলে যেত। তখন মনে হতো, সমান সুযোগ পেলে হয়তো নিজেকেও আরও ভালোভাবে প্রমাণ করা সম্ভব হতো।
তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলেও মনে করেন এই অভিনেত্রী। তার বিশ্বাস, এখন দর্শক একজন শিল্পীর পারিবারিক পরিচয়ের চেয়ে অভিনয় দক্ষতাকেই বেশি গুরুত্ব দেন। এ পরিবর্তন ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীদের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
দীর্ঘ সংগ্রামের পর বলিউডে নিজের অবস্থান শক্ত করা ইয়ামি গৌতমকে শিগগিরই পরিচালক বালাজি মোহনের নতুন সিনেমা ‘নয়ী নভেলী’-তে দেখা যাবে।
