বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, এরপর কোথায়?

২৪ঘন্টা অনলাইন : দুই বছরেরও বেশি সময় আগে উঠেছিলেন বঙ্গভবনে।
আজ সেই অধ্যায়ের শেষ। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর মো. সাহাবুদ্দিন আজই বঙ্গভবন ত্যাগ করছেন।
বঙ্গভবন ছেড়ে তিনি সপরিবারে উঠবেন রাজধানীর গুলশানের নিজ বাসভবনে।
এরপর চিকিৎসার জন্য শিগগিরই সিঙ্গাপুর বা ব্যাংকক যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
সাবেক রাষ্ট্রপতি জানিয়েছেন, জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে।
তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ। তাই দুজন একসঙ্গেই বিদেশে যাবেন।
এর আগে শুক্রবার জাতীয় সংসদের স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।
২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন।
তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিল। তবে প্রায় ২১ মাস আগেই দায়িত্ব ছাড়লেন তিনি।
সংসদ সচিবালয় জানিয়েছে, সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার পর থেকেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে অফিস করবেন।
তবে তিনি বসবাস করবেন সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনেই।
এদিকে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নতুন রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে দলের নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে।
অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
সবকিছু ঠিক থাকলে আগামী সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।
