এক বছরের ওমরাহ ভিসা চালু সৌদিতে

২৪ঘণ্টা অনলাইন : ধর্মীয় পর্যটন ও পর্যটন খাতের সম্প্রসারণে নতুন উদ্যোগ হিসেবে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিনে উন্নীত করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থার আওতায় ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদিতে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।
২০ জুলাই সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
এসপিএর প্রতিবেদনে বলা হয়, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে ধর্মীয় ভ্রমণকে আরও সহজ ও আকর্ষণীয় করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের জন্য সুযোগ বাড়ানো হবে।
নতুন নিয়ম অনুযায়ী, ভিসাধারীদের সৌদিতে প্রবেশের আগে সরকারি অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ থেকে নির্ধারিত ভ্রমণ প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট সময়ের বেশি হতে পারবে না। এছাড়া ওমরাহ পালনের জন্য আগেই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।
তবে হজ মৌসুমে এই ভিসা সাময়িকভাবে স্থগিত থাকবে। আরবি মাস জিলক্বদের ১ তারিখ থেকে জিলহজের ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসা ব্যবহার করে সৌদিতে প্রবেশ করা যাবে না।
সৌদি কর্তৃপক্ষ মনে করছে, নতুন এই নীতির ফলে দেশটিতে ধর্মীয় পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং পর্যটন খাতের আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
