অনিয়মে ৪৯ এজেন্সির লাইসেন্স গেল

২৪ঘণ্টা অনলাইন : মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট গঠন, প্রতারণা ও নানা অনিয়মের অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ১৯ জুলাই মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন-২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন-২০২৩ এবং সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট ৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়েরের পর আদালতে অভিযোগপত্র গৃহীত হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দ্য পেনাল কোড, ১৮৬০-এর ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় অভিযোগপত্র গ্রহণের পরিপ্রেক্ষিতে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’-এর ১৩ ধারা অনুযায়ী এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।
লাইসেন্স হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেড, অরবিটাল এন্টারপ্রাইজ, শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত অ্যাসোসিয়েট, ফোর সাইট ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেড, কিউ কে কুইক এক্সপ্রেস লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ, নিউ এজ ইন্টারন্যাশনাল, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসসহ আরও অনেক প্রতিষ্ঠান।
মন্ত্রণালয় বলছে, জনস্বার্থে এবং বৈদেশিক কর্মসংস্থান খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এসব প্রতিষ্ঠান আর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদেশগামী কর্মীদের স্বার্থ রক্ষা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ভবিষ্যতেও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
