স্পেনের জয়ই ছিল প্রাপ্য: দে লা ফুয়েন্তে

২৪ঘণ্টা অনলাইন : আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। রোববার (১৯ জুলাই) ফাইনালের পর তিনি বলেন, এই জয় ছিল দলের কঠোর পরিশ্রম, বিশ্বাস এবং দীর্ঘদিনের ফুটবল দর্শনের স্বাভাবিক ফল।
ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় দে লা ফুয়েন্তে বলেন, “এই প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে আমি ভীষণ গর্বিত। তারা একটি নির্দিষ্ট ফুটবল দর্শনের প্রতি বিশ্বাস রেখে নিজেদের গড়ে তুলেছে এবং সেটিকে মাঠে সফলভাবে বাস্তবায়ন করেছে। তাদের প্রতিভা অসাধারণ, আর তাদের নেতৃত্ব দিতে পারাটা আমার জন্য গর্বের ও সম্মানের।”
বিশ্বকাপ জয়ের মুহূর্ত স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত এই কোচ বলেন, “এখন আমি অনেক বেশি আবেগপ্রবণ। খেলোয়াড়রা আমাকে বলছিল, ‘কোচ, আমরা সবকিছু জিতে নিয়েছি।’ সত্যিই এই প্রজন্মের ফুটবলাররা স্পেনের তরুণদের জন্য অনুকরণীয় উদাহরণ। আমরা একসঙ্গে বলেই শক্তিশালী।”
ফাইনালের ফল নিয়ে দে লা ফুয়েন্তে মনে করেন, স্পেনের জয় ছিল পুরোপুরি ন্যায্য। তার ভাষায়, “যা হওয়ার ছিল, সেটাই হয়েছে। আজকের ম্যাচে স্পেনের জয় প্রাপ্য ছিল।”
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলেই শিরোপা নির্ধারিত হয়। তবে কোচের মতে, ম্যাচের নিষ্পত্তি আরও আগেই হতে পারত। তিনি বলেন, “আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস কয়েকটি অসাধারণ সেভ করেছেন, যা আমাদের আগে গোল পেতে বাধা দিয়েছে। একজন খেলোয়াড় বেশি থাকার পরও সহজ ছিল না, কারণ এটি বিশ্বকাপের ফাইনাল।”
ম্যাচের শেষ মুহূর্তগুলো যে চরম চাপের ছিল, সেটিও স্বীকার করেন স্পেন কোচ। তিনি বলেন, “শেষ চার-পাঁচ মিনিট আমাদের জন্য খুবই কঠিন ছিল। স্নায়ুচাপ সামলে খেলতে হয়েছে। তবে শেষ পর্যন্ত আমরা লক্ষ্য পূরণ করতে পেরেছি।”
এই জয়ের মাধ্যমে স্পেন আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে উঠে এলো, আর দে লা ফুয়েন্তের দল নিজেদের নাম লিখিয়েছে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রজন্ম হিসেবে।
