ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার বড় হামলা

২৪ঘন্টা অনলাইন : ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার ভোরে হওয়া এ হামলায় রাজধানীতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আশপাশের এলাকায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২০ জনে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো জানান, হামলায় অন্তত ৪৬ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে এক ডজনের বেশি আবাসিক ভবন।
ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, রাতভর দেশটির বিভিন্ন অঞ্চলে ৬৮টি ক্ষেপণাস্ত্র ও ৩৫১টি ড্রোন নিক্ষেপ করে রাশিয়া।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানায়, রাত ১টা ৪০ মিনিটে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর রাত ২টা ১০ মিনিট এবং ৩টা ১৫ মিনিটে আরও কয়েক দফা হামলা হয়। বিমান হামলার সতর্কসংকেত বাজলে হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ভূগর্ভস্থ বাঙ্কারে চলে যান।
হামলার আগের দিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছিলেন, ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে রাশিয়া বড় ধরনের হামলা চালাতে পারে। মঙ্গলবার তুরস্কে শুরু হওয়া ওই সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।
এর আগেও গত সপ্তাহে কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। সেই হামলায় অন্তত ৩১ জন নিহত হন। চলতি বছরে রাজধানীতে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের সমাধান অনেকের ধারণার চেয়ে কাছাকাছি। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি বা আলোচনার অগ্রগতি নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি
