বাকৃবিতে বিসিকের উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৩০ শিক্ষার্থীকে নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ট্রেনিং ইনস্টিটিউটের ৫ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
২২ জুন সোমবার কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। কর্মসূচিতে স্নাতক তৃতীয় ও চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর পর্যায়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণে ব্যবসায়িক পরিকল্পনা, বাজার বিশ্লেষণ, আর্থিক ব্যবস্থাপনা, স্টার্টআপ পরিচালনা ও উদ্ভাবনী চিন্তাচর্চা বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি বলেন, কৃষিখাতে উদ্যোক্তা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটি বড় অংশ ভবিষ্যতে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিসিক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
