সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজারের বেশি অভিবাসী আটক

২৪ঘণ্টা অনলাইন: আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহের অভিযানে ১৫ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১১ থেকে ১৭ জুন পর্যন্ত পরিচালিত সমন্বিত অভিযানে মোট ১৫ হাজার ২৮৮ জনকে আটক করা হয়েছে।
রোববার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আটক ব্যক্তিদের মধ্যে আবাসন আইন ভঙ্গের অভিযোগে ৭ হাজার ৮৬৪ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৫৭৬ জন এবং শ্রম আইন ভঙ্গের অভিযোগে ২ হাজার ৮৪৮ জন রয়েছেন।
অভিযানের সময় অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে আরও ১ হাজার ৬৬৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৪৬ শতাংশ ইয়েমেনের, ৫৩ শতাংশ ইথিওপিয়ার এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করার সময় ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে ইতোমধ্যে ১০ হাজার ৪৫৮ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ১৫ হাজার ১০৯ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের দেশের কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ করতে পাঠানো হয়েছে। পাশাপাশি ১ হাজার ৯৭৯ জনের প্রত্যাবাসন প্রক্রিয়া চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সময়ে আইন লঙ্ঘনকারী অভিবাসীদের পরিবহন, আশ্রয় ও সহায়তা দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ২৪ জনকেও আটক করা হয়েছে।
বর্তমানে দেশটিতে ২৩ হাজার ৫৮৭ জন অভিবাসীর বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে। এদের মধ্যে ২১ হাজার ৭৫৮ জন পুরুষ এবং ১ হাজার ৮২৯ জন নারী।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশে সহযোগিতা, পরিবহন বা আশ্রয় দেওয়ার মতো অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও কঠোর সতর্কবার্তা দিয়েছে।
বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের আবাসস্থল সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ প্রবাসী শ্রমিক কর্মরত রয়েছেন।
সূত্র: গালফ নিউজ।
