বাংলাদেশের ঐতিহাসিক জয়, হার মানল পাকিস্তান

২৪ঘণ্টা অনলাইন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। সাউদাম্পটনে দারুণ বোলিং নৈপুণ্যে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। একই সঙ্গে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের কোনো আসরে একাধিক ম্যাচ জয়ের কীর্তি গড়ল টাইগ্রেসরা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ১৩ রানেই হারায় ৩ উইকেট। বিপর্যয়ের মুখে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ইনিংস গড়ার চেষ্টা করেন। ৩৮ বলে ৩৬ রান করে দলকে কিছুটা স্থিতি এনে দেন তিনি।
তবে বাংলাদেশের ইনিংসের সবচেয়ে উজ্জ্বল নাম স্বর্ণা আক্তার। সাত নম্বরে নেমে মাত্র ২২ বলে ৫ চার মেরে অপরাজিত ৩৯ রান করেন এই তরুণ ব্যাটার। তার ঝোড়ো ইনিংসেই ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা ভালো অবস্থানে ছিল পাকিস্তান। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধীরে ধীরে চাপে পড়ে তারা। নতুন বলে মারুফা আক্তার প্রথম ওভারেই মেইডেন এনে দেন। এরপর অষ্টম ওভারে নাহিদা আক্তার ৪৯ রানের উদ্বোধনী জুটি ভেঙে ম্যাচে বাংলাদেশকে ফেরান।
মাঝের ওভারগুলোতে স্পিনারদের আঁটসাঁট বোলিং পাকিস্তানের রান তোলার গতি থামিয়ে দেয়। রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলা দারুণ মিতব্যয়ী বোলিং করেন। প্রয়োজনীয় রানরেট বাড়তে থাকায় শেষদিকে ঝুঁকি নিতে গিয়ে দ্রুত উইকেট হারায় পাকিস্তান।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০০ রান তুলতে সক্ষম হয় তারা। ফলে ২৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ে বিশ্বকাপ মঞ্চে নিজেদের সামর্থ্যের আরেকটি শক্ত বার্তা দিল জ্যোতির দল।
