আন্তর্জাতিক

ইরানের সঙ্গে ভাল আলাপ-আলোচনা চলছে : ট্রাম্প

ইরানের সঙ্গে ভাল আলাপ-আলোচনা চলছে : ট্রাম্প

২৪ঘণ্টা অনলাইন : ইরানের কোনও বিদ্যুৎকেন্দ্রে আগামী পাঁচ দিন হামলা হবে না! জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। ট্রাম্পের দাবি, ‘‘খুব ভাল এবং ফলপ্রসূ আলোচনা শুরু হয়েছে।’’ তবে মার্কিন প্রেসিডেন্ট এ-ও সতর্ক করেছেন, হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত ‘সাময়িক’। আলোচনার গতি এবং ফলাফলের উপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।

মার্কিন প্রেসিডেন্ট সোমবার বিকেলে (ভারতীয় সময়) তাঁর ট্রুথ সোশ্যালে পর পর দু’টি পোস্ট করেন। প্রথম পোস্টে জানান, ইরান-আমেরিকার আলোচনার কথা। তিনি লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, পশ্চিম এশিয়ায় চলমান সমস্যার সমাধানের লক্ষ্যে গত দু’দিন ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে ভাল এবং ফলপ্রসূ আলোচনা চলছে।’’ তিনি এ-ও মনে করেন, এই আলোচনা সপ্তাহ জুড়ে চলতে পারে।

ট্রাম্পের মতে, দুই দেশের মধ্যে গভীর, বিস্তারিত এবং গঠনমূলক আলোচনা হচ্ছে। তার পরেই ট্রাম্প জানান, তিনি আগামী পাঁচ দিন হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রতিরক্ষা দফতরকে (বর্তমানে এই দফতরকে যুদ্ধ দফতর নামে পরিচিত)। তবে শেষে ট্রাম্প এ-ও স্পষ্ট করে দিয়েছেন, এই বিরতি সাময়িক। আলোচনার টেবিলে অগ্রগতির উপর নির্ভরশীল।

হরমুজ প্রণালীতে ইরানের ‘বাধা’ নির্মূল করতে বড় পদক্ষেপের ঘোষণা করেছিলেন ট্রাম্প। দিন দুয়েক আগে ইরানকে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়ে জানিয়েছিলেন, যদি তারা হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সোমবার সেই সময়সীমা শেষ হওয়ার কথা। তবে তার আগেই বিদ্যুৎকেন্দ্রে হামলার উপর ‘সাময়িক বিরতি’র ঘোষণা করলেন ট্রাম্প। তবে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, আমেরিকার সঙ্গে এমন কোনও আলোচনাই হয়নি।

ট্রাম্প কি পিছু হটলেন? প্রশ্ন তুলে দিয়েছে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম। এমনকি কাবুলে অবস্থিত ইরানের দূতাবাস দাবি করেছে, ‘‘তেহরানের কঠোর সতর্কবার্তার পর ট্রাম্প পিছু হটেছেন।’’ উল্লেখ্য, ট্রাম্পের ৪৮ ঘণ্টার হুঁশিয়ারির পর ‘চুপ’ থাকেনি ইরান। তারা জানিয়ে দেয়, তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে তারাও পশ্চিম এশিয়ায় অবস্থিত আমেরিকার সমস্ত বিদ্যুৎ পরিকাঠামো, তথ্যপ্রযুক্তি কেন্দ্র এবং জল পরিশোধন কেন্দ্রকে নিশানা করবে। শুধু তা-ই নয়, ইরানের উপকূল অঞ্চলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন পোঁতার হুঁশিয়ারি দেয় ইরান। গত ৪৮ ঘণ্টা ধরে ইরানের একাধিক পদক্ষেপের পর ট্রাম্পের ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

ট্রাম্পের এই পোস্টের প্রতিক্রিয়া দিয়েছে ভারতও। সোমবার বিকেলে (ভারতীয় সময়) বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমরা এ সম্পর্কে অবগত। আমরা এই উন্নয়নের উপর নজর রাখছি।’’

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইরানের সঙ্গে ভাল আলাপ-আলোচনা চলছে : ট্রাম্প | ২৪ঘণ্টা