ফের প্রতারণার মামলায় নোবেল গ্রেপ্তার

২৪ঘণ্টা অনলাইন : ঢাকায় এক তরুণীকে মডেল বানিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে পরে অর্থ আত্মসাৎ ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে প্রতারণার মামলায় আবারও গ্রেপ্তার হয়েছে আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল।
২৩ ফেব্রুয়ারি দুপুরে নোবেলকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন পুলিশের একটি দল। পরে নেওয়া হয় ডেমরা থানায়। সন্ধ্যায় নোবেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারিক। তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেমরা থানার কর্মকর্তাসহ একটি দল কণ্ঠশিল্পী নোবেলকে গ্রেপ্তারের বিষয়টি জানালে সহযোগীতা করা হয়। গ্রেপ্তারের সময় নোবেলকে দুটি থানার সীমানা অংশের একটি বাড়িতে অবস্থান করছিলেন। তাকে মেট্রোপলিটন পুলিশের ডেমরা থানার হেফাজতে নেওয়া হয়েছে।
মামলায় বিয়ের কথা বলে অর্থ আত্মসাৎ ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বলে জানান ডেমরা থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুরাদ। তিনি জানান, এক তরুণীকে প্রথমে মডেল পরে বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল তার নিজস্ব স্টুডিওতে ডেকে নিয়ে যায়। পরে ওই তরুণীকে জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণে চাপ প্রয়োগ করে একদিন আটকে রাখে। পরবর্তীতে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় গত বছরের ১৩ আগস্ট তরুণীকে ঢাকার মেট্রোপলিটন আদালতে নোবেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেন। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
প্রতারণার সে মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের পর নোবেলসহ চার আসামির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে জানিয়ে মেট্রোপলিটন পুলিশ ডেমরা থানার পরিদর্শক মুরাদ জানান, ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি পিবিআই এর উপ-পরিদর্শক নুরুজ্জামান আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত ওই দিনই নোবেলসহ ৪ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে নোবেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ২৪ ফেব্রুয়ারি আসামি নোবেলকে আদালত পাঠানো হবে বলে জানান তিনি। মামলার অন্য আসামি মাইনুল আহসানের স্ত্রী ইসরাত জাহান (প্রিয়া), তার মা নাজমা হোসেন ও তার সহকারী মুনেম শাহ সৌমিকের সন্ধানের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।
আগেও মাইনুল আহসান নোবেল একাধিক নারীর সঙ্গে অসৎ আচরণসহ এক নারীর মামলায় গ্রেপ্তার হন। সে সময় থেকে আলোচিত হতে শুরু করে ভারতীয় টেলিভিশনের সারেগামাপা অনুষ্ঠানের বিজয়ী কণ্ঠশিল্পী নোবেল।
