ভোট দিয়ে সন্তুষ্ট 'আবুল হায়াত'

২৪ ঘণ্টা অনলাইন: সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ মানুষের পাশাপাশি এতে অংশ নিচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারা, শিল্পীরা। এরই ধারাবাহিকতায় ভোট দিয়েছেন দেশের প্রবীণ অভিনেতা আবুল হায়াত। ১২ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-৮ আসনভুক্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি নিজের ভোটটি দেন।
এ সময় অভিনেতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে জানান, মাঝের তিনটি বিতর্কিত নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) বাদে বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় প্রতিটি নির্বাচনেই অংশ নিয়েছেন এই গুণী শিল্পী। ভোট দেওয়া শেষে বর্তমান পরিস্থিতির প্রশংসা করে তিনি বলেন, এবারের নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত বেশ ভালো এবং সুন্দর। আমি কোনো ধরনের অসুবিধা বা বিশৃঙ্খলা দেখিনি।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বিরতিহীনভাবে শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সাধারণ মানুষের পাশাপাশি চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের তারকারাও সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কেন্দ্রে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
