ট্রাম্প প্রশাসনের সুর নরম

২৪ঘণ্টা অনলাইন : ভারতের রুশ তেল আমদানি বন্ধ করাতে চড়া শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। ভারতের পণ্যে এখন মোট শুল্কের পরিমাণ ৫০ শতাংশ। তবে মার্কিন অর্থসচিব স্কট বেসেন্টের কথায় শুল্ক প্রত্যাহারের ইঙ্গিত মিলেছে।
ভারতের পণ্যের উপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। ফলে মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশে। তবে এ বার পরিস্থিতি বদলাতে পারে। শুল্ক হ্রাসের ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট। দাবি, রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। তাই এ বার শুল্ক প্রত্যাহারের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা যেতে পারে।
বেসেন্ট সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। ভারতের উপর ট্রাম্পের শুল্কনীতির সাফল্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘‘ভারতের উপর আমাদের ২৫ শতাংশ শুল্ক ভীষণ ভাবে সফল। ভারত রাশিয়ার তেল কেনা বন্ধই করে দিয়েছে। যদিও এখনও শুল্ক চালু রয়েছে। আমার মনে হয়, এ বার সেটা প্রত্যাহারের পথ খুলেছে।’’ গত সপ্তাহে সুইৎজ়ারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিয়েছিলেন বেসেন্ট। সেখান থেকেই ফক্স নিউজ়ের কাছে দাবি করেছিলেন, ভারত রাশিয়ার তেল কেনা তাৎপর্যপূর্ণ ভাবে কমিয়ে দিয়েছে। এ বার তিনি শুল্ক নিয়েও কথা বললেন।
