ক্রীড়া উৎসবমুখর সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ

২৪ঘণ্টা অনলাইন : সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ হিরাঝিল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেনাস বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনাস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনাস বাংলাদেশ লিমিটেডের কোষাধ্যক্ষ মো. মিরাজ মিয়া এবং ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কলেজের বাংলা ভার্সনের ইনচার্জ মো. আব্দূন নুর।

এ সময় আরও উপস্থিত ছিলেন হিরাঝিল শাখার ইংলিশ ভার্সনের ইনচার্জ শেখ মো. শিবলী শামীম, বাংলা ভার্সনের ইনচার্জ মো. আব্দূন নুর, ডে-কেয়ার ইনচার্জ মো. কামালউদ্দীন, সিনিয়র শিক্ষক মো. আবুল কালামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. আসাদুজ্জামান বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—ক্রীড়াই মানুষকে সুস্থ ও সবল রাখে। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
