দক্ষিণ এশিয়ার ছয় দেশে ভূমিকম্প অনুভূত

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয়টি দেশে ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে ৫ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার ও চীনে কম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য আসামের উদলগুরি জেলার ঢেকিয়াজুলি এলাকা। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়, ফলে কেন্দ্রস্থলে তীব্র কম্পন হয়।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭১। এর উৎপত্তিও ছিল একই গভীরতায়।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে আসামের রাজধানী গুয়াহাটিসহ বিভিন্ন স্থানে আতঙ্কে মানুষ বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয়রা জানান, কম্পন দীর্ঘ সময় স্থায়ী হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে লিখেছেন, ‘আসামে বড় ভূমিকম্প হয়েছে। সবাই নিরাপদে থাকুন- এই কামনা করছি।’
