চুল ঝরা রুখে দিতে পারে গ্রিন কফি

২৪ঘণ্টা অনলাইন : চুলের সমস্যা যেন সারাবছরই লেগেই থাকে। তবে বর্ষাকালে ঝরার পরিমাণ বেড়ে যায় দ্বিগুণ। দামি প্রসাধনী বা ব্যয়বহুল ট্রিটমেন্ট সাময়িক সমাধান দিলেও স্থায়ী ফল মেলে না। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সমস্যায় প্রাকৃতিক উপাদানের উপর ভরসা করাই সবচেয়ে নিরাপদ। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই চুলের যত্নে গ্রিন কফি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।
অনেকে গ্রিন কফিকে হয়তো ‘মাচা’ ভেবে ভুল করেন। তবে আসলে এটি সম্পূর্ণ ভিন্ন। এই কফির দানাগুলো ভাজা হয় না, তাই কফি বিনসের রং থাকে হালকা সবুজ। আর সেই দানার গুঁড়ো দিয়েই তৈরি হয় বিশেষ গ্রিন কফি, যা কেবল পানীয় নয়—চুলের যত্নেও কার্যকর।
কেন কার্যকর গ্রিন কফি?
১) এতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, যা মাথার ত্বক থেকে টক্সিন দূর করে এবং চুলের ফলিকলে পুষ্টি জোগায়।
২) গ্রিন কফি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, ফলে চুল শক্ত হয় এবং ভাঙা-ঝরা কমে।
৩) এতে থাকা অ্যামাইনো অ্যাসিড চুল জটমুক্ত রাখতে সহায়তা করে, ফলে চুল হয় মসৃণ ও সহজে আঁচড়ানো যায়।
কীভাবে ব্যবহার করবেন?
হেয়ার রিন্স: গ্রিন কফি জল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করুন। সেই জল দিয়ে শ্যাম্পুর বদলে চুল ধুয়ে ফেলুন।
হেয়ার প্যাক: গ্রিন কফির গুঁড়ো ও অ্যালোভেরা জেল মিশিয়ে মাথায় লাগান। আধঘণ্টা পর শ্যাম্পু করুন।
স্ক্যাল্প এক্সফোলিয়েটর: অলিভ অয়েলের সঙ্গে গ্রিন কফির গুঁড়ো মিশিয়ে স্ক্যাল্পে হালকা মাসাজ করুন। এরপর শ্যাম্পু করুন।
