২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

বিনোদন

অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, বাদ মিথিলা

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬১৯:০৪আপডেট: ২৫ নভেম্বর, ২০২৬০১:১৩
অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, বাদ মিথিলা
ছবি : সংগৃহীত

জনপ্রিয় ওটিটি সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর নতুন সিজনে আসছে বড় পরিবর্তন। আগের দুই সিজনে অ্যালেন স্বপনের সঙ্গী শায়লা চরিত্রে অভিনয় করা রাফিয়াত রশিদ মিথিলাকে এবার দেখা যাবে না। তাঁর জায়গায় তৃতীয় সিজনে যুক্ত হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে মূল চরিত্র অ্যালেন স্বপন হিসেবে যথারীতি ফিরছেন নাসির উদ্দিন খান।

সিরিজটির নতুন অধ্যায়ের শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। চলতি মাসের শেষ দিকে প্রভার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরের মাঝামাঝি পুরো কাজ শেষ করার লক্ষ্য রয়েছে নির্মাতাদের।

২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে অ্যালেন স্বপন চরিত্রটির পরিচিতি তৈরি হয়। দর্শকের আগ্রহ ও জনপ্রিয়তার কারণে পরবর্তী সময়ে এই চরিত্রকে কেন্দ্র করেই নির্মাতা শিহাব শাহীন তৈরি করেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। প্রথম সিজনের সাফল্যের পর গত বছর মুক্তি পায় দ্বিতীয় সিজন। এবার সেই ধারাবাহিকতায় আসছে তৃতীয় অধ্যায়।

আগের দুই সিজনে শায়লা চরিত্রে মিথিলার অভিনয় দর্শকের নজর কেড়েছিল। তবে ব্যক্তিগত পেশাগত ব্যস্ততার কারণে এবার তাঁকে পাওয়া যাচ্ছে না। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যুক্ত হওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা করছেন তিনি। ফলে সিরিজের শুটিংয়ে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।

মিথিলার পরিবর্তে প্রভাকে যুক্ত করার বিষয়টি চরকির একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। তবে নির্মাতা শিহাব শাহীন এ বিষয়ে সরাসরি কোনো তথ্য নিশ্চিত করেননি। তাঁর ভাষ্য, চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো খবর তিনি নিজে নিশ্চিত করতে পারবেন না; এ বিষয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব জনসংযোগ বিভাগ থেকেই আনুষ্ঠানিক তথ্য জানানো হবে।

নতুন সিজনে নাসির উদ্দিন খান ও সাদিয়া জাহান প্রভার পাশাপাশি অভিনয় করবেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবিসহ আরও অনেকে।

সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজন।

#জাতীয়#সংবাদ#মাইশেলফ অ্যালেন স্বপন ৩#সাদিয়া জাহান প্রভা#রাফিয়াত রশিদ মিথিলা#চরকি নতুন সিরিজ#বাংলা ওটিটি সিরিজ#ঈদুল ফিতর সিরিজ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram