বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সামরিক প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন। ১৮ নভেম্বর বাংলাদেশ সচিবালয়ে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তাঁরা। এ সময় দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সামরিক প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ে একসঙ্গে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। এ ছাড়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।




