২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপে মার্কিন বিমান হামলা, আত্মরক্ষার দাবি

২৪ঘন্টা ডেস্কপ্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৬১৫:৪৯আপডেট: ২৫ নভেম্বর, ২০২৬০৩:২২
ইরানের কেশম দ্বীপে মার্কিন বিমান হামলা, আত্মরক্ষার দাবি

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীর দাবি, মার্কিন সেনা ও সামরিক সম্পদের ওপর ইরানের হামলার হুমকি মোকাবিলায় আত্মরক্ষার অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার দিনের শুরুর দিকে এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) দুই কর্মকর্তা। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে তাঁরা এ তথ্য জানান।

সেন্টকমের এক কর্মকর্তা জানান, কেশম দ্বীপে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে মার্কিন যুদ্ধবিমান থেকে নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছে।

মার্কিন সামরিক কর্মকর্তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সেনাসদস্য ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আইআরজিসির আগ্রাসী তৎপরতার জবাব হিসেবেই এই অভিযান। মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন নাগরিক, সেনা ও সামরিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সেন্টকম সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

এদিকে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে।

এমন পরিস্থিতিতে কেশম দ্বীপে মার্কিন বিমান হামলা মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এসেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

#জাতীয়#সংবাদ#ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ#ইরানের কেশম দ্বী#মার্কিন বিমান হামলা
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram