সরকারিভাবে পালিত হবে ৯২ দিবস, মানতে হবে নতুন নির্দেশনা

২৪ঘণ্টা অনলাইন: দেশে জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ৯২টি দিবস সরকারি উদ্যোগে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিবসগুলোর আয়োজন, ব্যয় ও কর্মসূচি পরিচালনায় নতুন নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নতুন নির্দেশনা অনুযায়ী, দিবসগুলো আগের মতোই ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘ক’ শ্রেণিতে ১৮টি, ‘খ’ শ্রেণিতে ৩৯টি এবং ‘গ’ শ্রেণিতে ৩৫টি দিবস রয়েছে।
নতুন তালিকায় ‘ক’ শ্রেণিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া ‘খ’ শ্রেণিতে ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস যুক্ত হয়েছে। জাতীয় চা দিবস ৪ জুনের পরিবর্তে ২১ মে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পরিপত্রের মাধ্যমে গত ১১ মার্চ জারি করা আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে।
দিবস পালনের ব্যয়ের ক্ষেত্রে ‘খ’ শ্রেণির প্রতিটি দিবস আয়োজনে সরকারি খাত থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ব্যয় করা যাবে। ‘ক’ শ্রেণির দিবসের জন্য নির্দিষ্ট ব্যয়সীমা উল্লেখ করা হয়নি। অন্যদিকে, ‘গ’ শ্রেণির দিবস পালনে উন্নয়ন খাত থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হবে না।
নির্দেশনায় দিবস পালনে অপ্রয়োজনীয় সাজসজ্জা ও বড় আয়োজন এড়িয়ে চলার কথা বলা হয়েছে। তবে সেমিনার, সিম্পোজিয়াম এবং বেতার ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা যাবে। কর্মদিবসে সমাবেশ ও শোভাযাত্রা আয়োজন থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দিবস পালনের জন্য ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া শিক্ষা সপ্তাহ, প্রাথমিক শিক্ষা সপ্তাহ, বিজ্ঞান সপ্তাহ, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ, বিশ্ব শিশু সপ্তাহ, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, পুলিশ সপ্তাহ, বিজিবি সপ্তাহসহ বিভিন্ন জাতীয় কর্মসূচি পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করতে বলা হয়েছে।
