রিয়াদের আকাশে ফের বিস্ফোরণ, হামলার কারণ নিয়ে ধোঁয়াশা

২৪ঘণ্টা অনলাইন: সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যাঞ্চলে নতুন করে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ১১ অক্টোবর বাংলাদেশ সময় রাত প্রায় ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এটি ক্ষেপণাস্ত্র হামলা, নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার ঘটনা—তা এখনো স্পষ্ট নয়।
এর আগে ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন।
এ ঘটনার পর রোববার হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সানা বিমানবন্দরে বড় ধরনের হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। একই সময়ে সানার অন্যান্য স্থানেও হামলার খবর পাওয়া যায়। এসব ঘটনার প্রায় এক ঘণ্টা পর রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন। বাকি পাঁচজন সৌদি নাগরিক।
হামলায় প্রাণহানির পাশাপাশি বিভিন্ন অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। এ বিষয়ে মূল্যায়ন চলছে।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে হামলার পর রিয়াদ বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ।
গত প্রায় দুই মাস ধরে হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে ধারাবাহিক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। এসব সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেসামরিক মানুষ।
