ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
জাতীয়

ব্যাংকিং খাত পুনর্গঠন জরুরি: রিজভী

Tania Jaha2026-10-10 07:31:24 PMদেখেছেন 30 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন
ব্যাংকিং খাত পুনর্গঠন জরুরি: রিজভী

২৪ঘণ্টা অনলাইন: বিগত সরকারের সময়ে দেশের ব্যাংকিং খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেই ব্যাংক ও আর্থিক খাত পুনর্গঠন করতে হবে, যাতে বস্ত্র ও তৈরি পোশাক শিল্পে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা যায়।

১০ অক্টোবর বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘বস্ত্র খাতে বিদ্যমান সমস্যা নিরসনে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আইটিইটির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়।

রিজভী বলেন, বস্ত্র ও তৈরি পোশাক খাত দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এ খাতের সংকট চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ব্যাংকঋণ পেতে জটিলতা এবং ঋণপত্র (এলসি) খোলার সমস্যাসহ নানা চ্যালেঞ্জের মুখে রয়েছেন উদ্যোক্তারা।

আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় দেশের শিল্প খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, উৎপাদন অব্যাহত রাখা এবং বিপুল কর্মসংস্থানের সঙ্গে যুক্ত বস্ত্র ও পোশাক শিল্পকে টিকিয়ে রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলেও সতর্ক করেন রিজভী। তিনি বলেন, ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের কাছ থেকে আগের মতো বাণিজ্যিক সুবিধা পাওয়া কঠিন হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা অনুযায়ী শ্রমিকদের কর্মপরিবেশ ও পরিবেশগত মান নিশ্চিত করতে হবে। এসব শর্ত পূরণে উদ্যোক্তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করাও জরুরি।

রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা প্রসঙ্গে রিজভী বলেন, বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালু ও আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে। যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে এসব প্রতিষ্ঠানকে লাভজনক করা সম্ভব। এ ক্ষেত্রে প্রকৌশলীদের দক্ষতা ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ডের মতো উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের ভাতা প্রদানের মাধ্যমে সামাজিক সুরক্ষা সম্প্রসারণের চেষ্টা চলছে।

প্রকৌশলীদের উদ্দেশে রিজভী বলেন, দেশের পুনর্গঠন ও উন্নয়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যক্তিগত চিন্তার ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে কাজ করতে পারলে বাংলাদেশকে আধুনিক ও উৎপাদনশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে আইটিইটির নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান তিনি। এ ছাড়া আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শুভকামনা জানান বিএনপির এই নেতা।