উপজেলা পরিষদের কার্যবিবরণী পাঠানোর নির্দেশ

২৪ঘণ্টা অনলাইন: দেশের সব উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছেও কার্যবিবরণীর অনুলিপি পাঠাতে বলা হয়েছে।
৭ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকদের এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারা অনুযায়ী প্রতিটি সভার কার্যবিবরণী নির্ধারিত সময়ের মধ্যে সরকার ও সংশ্লিষ্ট সংসদ সদস্যের কাছে পাঠাতে হবে। তবে নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, অনেক উপজেলা নিয়মিতভাবে কার্যবিবরণী পাঠাচ্ছে না।
এতে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণে সমস্যা হচ্ছে। তাই কার্যবিবরণীতে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরতে বলা হয়েছে।
এ ছাড়া অগ্রাধিকারমূলক প্রকল্পের ক্ষেত্রে সচিত্র প্রমাণক সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজ শুরুর আগে ও পরের অবস্থার ছবি থাকলে সেগুলো পাশাপাশি সংযুক্ত করে রঙিন প্রিন্টে পাঠাতে হবে।
কার্যবিবরণী নিয়মিত নির্ধারিত ই-মেইলে পাঠানোর পাশাপাশি এর হার্ডকপিও স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠাতে বলা হয়েছে।
