জাতীয়

প্রাথমিকের শূন্য পদে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের সুপারিশ

Tania Jaha2026-10-07 08:42:56 PMদেখেছেন 33 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন
প্রাথমিকের শূন্য পদে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের সুপারিশ

২৪ঘণ্টা অনলাইন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদগুলোতে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

একই সঙ্গে প্রাথমিক পর্যায়ে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং স্কুল ফিডিং কর্মসূচিতে খাবারের মান ও পুষ্টি নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। নিম্নমানের খাবার সরবরাহের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে।

৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মাহমুদা হাবিবা।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সম্ভাব্য বাজেট, ব্যয় পরিকল্পনা ও বিভিন্ন খাতের বরাদ্দ নিয়ে আলোচনা হয়। এ সময় দেশের প্রতিটি শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে নতুন বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেন কমিটির সদস্যরা।

পাশাপাশি উন্নয়ন ও পরিচালন খাতে বরাদ্দ করা অর্থ স্বচ্ছতার সঙ্গে যথাযথভাবে ব্যয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। কমিটির সদস্যদের বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা কার্যক্রম, পরিবেশ ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখার বিষয়ে মতৈক্য হয়।