ভারত-চুক্তি হলে মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস

২৪ঘণ্টা অনলাইন: ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হলে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
৪ অক্টোবর দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তারা।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, মোগলহাট একটি আন্তর্জাতিক স্থলবন্দর। এটি চালু করতে ভারতের সঙ্গে চুক্তি প্রয়োজন। বাংলাদেশের অংশের অবকাঠামো সংস্কার ও উন্নয়নের কাজ সম্পন্ন করা সম্ভব হলেও ভারতের আগ্রহ নিশ্চিত করাই প্রথম কাজ।
তিনি বলেন, স্থলবন্দরটি চালু হলে এ অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি দুই দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারিত হবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু করতে তার মন্ত্রণালয় প্রস্তুত। প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল নিশ্চিত করার সক্ষমতা রয়েছে। তবে ভারত সরকারের সম্মতি ছাড়া একতরফাভাবে বন্দরটি চালু করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, অতীতে মোগলহাট স্থলবন্দর চালু ছিল এবং ভারতও এ বিষয়ে অবগত। দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হলে দ্রুত বন্দরটি চালুর বিষয়ে তারা আশাবাদী।
পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
