স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির

২৪ঘণ্টা অনলাইন: দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ‘বিধ্বস্ত’ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
৪ অক্টোবর রাজধানীর মধুবাগ খেলার মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘৪–১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, শুধু স্বাস্থ্যব্যবস্থা নয়, দেশের ব্যাংক, বিমা, করপোরেশন, পুঁজিবাজার ও আইনশৃঙ্খলা পরিস্থিতিও উদ্বেগজনক। রাজধানীর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় রাজধানীর পরিস্থিতি যদি এমন হয়, তাহলে সারাদেশের অবস্থা নিয়েও উদ্বেগ রয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, ডেঙ্গুকে তারা মহামারির মতো দেখছেন। শুধু লিফলেট বিতরণ নয়, জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার কথা জানান তিনি।
ডেঙ্গুর টিকা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বে ডেঙ্গুর টিকা রয়েছে। সরকারিভাবে টিকা আনার সক্ষমতা না থাকলে বেসরকারিভাবে তা আমদানির সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ডেঙ্গু আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং কোনো রোগী যেন চিকিৎসায় অবহেলার শিকার না হন, সেদিকে নজর দিতে হবে।
অনুষ্ঠানে তিনি সম্প্রতি ঢাকার বিমানবন্দরে এক বীর মুক্তিযোদ্ধার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়েও কথা বলেন। তার অভিযোগ, ওই ঘটনায় প্রতিবাদকারী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত মামলা করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে হয়রানি করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরের সেবা ও প্রবাসীদের লাগেজ নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ সময় তিনি রাজধানীর একটি মেডিকেল সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনাতেও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
জামায়াত আমির বলেন, জনগণ এখন সবকিছু দেখছে এবং কোনো ঘটনা আড়াল করার সুযোগ নেই। দায়িত্বশীলদের জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ও মহানগর জামায়াতে ইসলামীর নেতারা উপস্থিত ছিলেন।
