'ভয়েস অব বাংলাদেশ' জিতে ইতিহাস গড়ল বিটমোসফেয়ার
এবার তাদের টার্গেট ইউরোভিশন এশিয়া ২০২৬

২৪ঘণ্টা অনলাইন : প্রথমবারের মতো আয়োজিত ‘ভয়েস অব বাংলাদেশ’-এর জাতীয় বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশি অ্যাকাপেলা ও বিটবক্স দল ‘বিটমোসফেয়ার’ (Beatmosphere)। এই জয়ের মাধ্যমে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’ (Eurovision Song Contest Asia 2026)-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার টিকিট নিশ্চিত করেছে দলটি। অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম অজিভিশন-এর (Aussievision) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার রাতে নিজেদের মৌলিক গান ‘তুমি এলে’ (Tumi Ele) পরিবেশন করে বাজিমাত করে বিটমোসফেয়ার। পেশাদার জুরি বোর্ড, সাধারণ দর্শক এবং আন্তর্জাতিক ভোটের দারুণ সমন্বয়ে তারা এই শীর্ষস্থান অর্জন করে।
প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলের ৪০ শতাংশ নির্ধারণ করেছে
ন পেশাদার জুরিরা। বাকি ৬০ শতাংশের মধ্যে ৪০ শতাংশ এসেছে বাংলাদেশি দর্শকদের ভোটে এবং ২০ শতাংশ এসেছে আন্তর্জাতিক বা 'রেস্ট অব দ্য ওয়ার্ল্ড' (Rest of the World) ভোট থেকে।
২০০৯ সালে গঠিত বিটমোসফেয়ার তাদের ব্যতিক্রমী পরিবেশনার জন্য পরিচিত। কোনো প্রচলিত বাদ্যযন্ত্র বা ইলেকট্রনিক সরঞ্জাম ছাড়াই শুধুমাত্র কণ্ঠ, বিটবক্স এবং বডি পারকাশন ব্যবহার করে তারা ড্রাম, বেইজলাইন ও সুরসহ নানা ধরনের নজরকাড়া শব্দ তৈরি করতে সক্ষম।
সাধারণত নয় সদস্যের দল হিসেবে পারফর্ম করলেও এই জাতীয় বাছাইপর্বে অংশ নিয়েছিলেন দলটির ছয় সদস্য— ইশতিয়াক জোবায়ের, সৈয়দ আহনাফ তাহমিদ, সিদরাতুল মুরসালিন ভাষা, মাহি বিন আশরাফুল, মোক্তাদির দেওয়ান এবং মাহি হোসেন খান।
ভোটগ্রহণ শেষে শীর্ষ তিন প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়। বিটমোসফেয়ারের ‘তুমি এলে’ প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থানে ছিল পুলক অধিকারীর ‘আনাড়ি মাঝি’ এবং তৃতীয় স্থান লাভ করে ভিন্টেজ থিওরির ‘বুমেরাং’ (BOOMERANG!)। তবে চূড়ান্ত পর্বের বাকি সাত প্রতিযোগীর অবস্থান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
গ্র্যান্ড ফিনালেতে অংশ নেওয়া অন্য প্রতিযোগীরা হলেন— নুসরাত জাহান (কৃতি), শরৎ, বেনজির জিলানি, দ্য কুশিয়ারা ওয়েভস, লুবায়না আফনান, সাবকনশাস এবং কৃষাণ বর্মণ।
এই অসাধারণ জয়ের মাধ্যমে প্রথমবারের মতো ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ার মতো বড় আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে ইতিহাস গড়ল বিটমোসফেয়ার।
প্রথমবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশসহ মোট ১১টি দেশ অংশ নিচ্ছে। অন্য দেশগুলো হলো— ভুটান, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। আগামী ১৪ নভেম্বর ২০২৬ তারিখে ব্যাংককে অনুষ্ঠিতব্য মূল মঞ্চে নিজেদের বিজয়ী গান ‘তুমি এলে’ পরিবেশন করবে বিটমোসফেয়ার।
এই যুগান্তকারী সাফল্যে উচ্ছ্বসিত দলটি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে আনন্দ উদ্যাপন করে লিখেছে, “আমরা বাংলাদেশ ন্যাশনাল ফাইনালে জিতেছি এবং আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ায় আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি!”
দলটি তাদের অগণিত ভক্ত, পরিবার, বন্ধু এবং ইএসসি/ইএসসিএ (ESC/ESCA) কমিউনিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ব্যাংককের বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারার এই সুযোগ পেয়ে তারা ‘অত্যন্ত কৃতজ্ঞ ও রোমাঞ্চিত’ বলে জানিয়েছে।
