শিবগঞ্জে ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩

২৪ঘণ্টা অনলাইন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩০ সেপ্টেম্বর রাতে শিবগঞ্জের চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কানসাট ইউনিয়নের বাবুবাজার এলাকার আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম এবং শিবনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল হাকিম।
স্বজনদের বরাতে জানা গেছে, আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুলসহ কয়েকজন গরু কিনতে জেলার সোনাইচন্ডী হাটে গিয়েছিলেন। গরু নিয়ে ফেরার পথে পুসকুনি এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান। গুরুতর আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শরিফুল ইসলামের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল হাকিম।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবুল হায়াত জানান, দুর্ঘটনার পর হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়। একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
