নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

২৪ঘণ্টা অনলাইন: নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬৭ জনকে আটক করেছে জেলা পুলিশ। পরে ৬২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি পাঁচজনের বিরুদ্ধে বিভিন্ন আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় ২৫টি অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ঠেকানো, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হয়।
জেলার বিভিন্ন থানায় আটক ৬২ কিশোরকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। এছাড়া সোনাইমুড়ী থানায় দুজনকে গ্রেপ্তার এবং একজনকে ১৫১ ধারায় আটক করা হয়েছে। কবিরহাট থানায় আরও তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও জরিমানা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার জানান, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা রোধে নিয়মিত অভিযান চলবে। পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।
