থিয়েটারের ‘জামাই ডট কম’

২৪ঘণ্টা অনলাইন : নাটকের দল থিয়েটার মঞ্চায়ন করল হাস্যরসাত্মক নাটক ‘জামাই ডট কম’। এটি দলটির ৩৭তম প্রযোজনার দ্বিতীয় মঞ্চায়ন। ২৭সেপ্টেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি।
জুয়েল কবির রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন হাফিজুর রহমান সুরুজ। নাটকটি হাস্যরসাত্মক গল্পের হলেও হাসির আড়ালে নাটকটিতে মানবিক গল্প তুলে ধরা হয়েছে। ফুলস্টপ দাবি করে সে ফারিয়ার স্বামী। অথচ ফারিয়া তাকে চিনতেই পারে না। একদিকে একজনের স্মৃতি, ভালোবাসা ও অধিকার ফিরে পাওয়ার আকুতি; অন্যদিকে আরেকজনের অস্বীকার। এই অনিশ্চয়তাটাই এ নাটকের মূল আকর্ষণ।
দুই অদ্ভুত মানুষ, ভুল বোঝাবুঝি, চাকু, জিম্মি এবং প্রেম, বিবাহ ও অবিশ্বাস- মিলিয়ে এটি ছিল একটি হাসির নাটক। কিন্তু সেই হাসির আড়ালে ধীরে ধীরে উঠে আসে মানুষের একাকিত্ব, ভালোবাসার দাবি, প্রত্যাখ্যাত হওয়ার বেদনা এবং সবচেয়ে বড় কথা- 'স্বাভাবিক' আর 'অস্বাভাবিক' বলে সমাজে যে দেয়াল তৈরি হয় তার সত্যতা।
শেষপর্যন্ত ফুলস্টপ ও স্বরে অ চলে যায় মানসিক হাসপাতালে। দুই মানসিক রোগী ভিন্ন নাটকের অন্যান্য চরিত্রের পাগল সম্পর্কিত ধারণার পরিবর্তনের মাধ্যমে নাটকটি নতুন অর্থ পায়। নাটকে উঠে আসে- শুধু চিকিৎসাই নয়; কখনো কখনো একটি স্বীকৃতি, একটি সম্পর্ক, একটি ফুল, কিংবা একটি ছোট্ট শুভেচ্ছাও মানুষকে সুস্থ করে তুলতে পারে সেই বিষয়টিই নাটকে তুলে ধরা হয়েছে।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তাবেদার ই রসুল চান্নু, নূর-ই-আলম সুমন, উত্তম অধিকারী, আজরা জেবিন তুলি, নাসরিন গীতি, রওশন জান্নাত রুশনী, ইনতিশা তাশদীদ তাহা, নাসরিন গীতি, বিন্দু সুমন রোজারিও, কামরুল হাসান, হিমেল ইসহাক, তানভীর আহমেদ, রফিকউল্লাহ সেলিম, হাফিজুর রহমান সুরুজ, এইচ এম আমিন, ওলিউল আজম তৈমুর ও শীলন চৌধুরী প্রমুখ।
