সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: দোষীদের ছাড় নয়

২৪ঘণ্টা অনলাইন: কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
২৭ সেপ্টেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্টুডিওতে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন, তবে এ ঘটনায় তিনি কোনো মামলা করেছেন কি না, তা স্পষ্ট নয়। নির্দিষ্ট অভিযোগ ও মামলা হলে তা তদন্ত করা হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ক্যান্টনমেন্ট থানার আওতাধীন মানিকদী নামাপাড়ায় ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে। এক পক্ষের সঙ্গে নিউ গিনি প্রোপার্টিজ নামের একটি প্রতিষ্ঠান এবং অন্য পক্ষের সঙ্গে একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা রয়েছেন। ওই বিরোধের জেরে রাতের বেলায় জমি দখলের চেষ্টার সময় সালমান মুক্তাদিরের টিনশেড স্থাপনাসহ কয়েকটি স্থাপনা ভাঙচুর করা হয় বলে জানান তিনি।
মন্ত্রী আরও জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং তিনজনকে গ্রেপ্তার করে।
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মিরপুরের রাড্ডা ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগও তদন্ত করা হয়েছে বলে জানান তিনি। দায়িত্বে অবহেলার অভিযোগে শাহআলী থানার ওসিকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই ঘটনায় নয়জনকে গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
