ব্রহ্মপুত্রের বাঁধে ধস, ঝুঁকিতে ১০ গ্রামের মানুষ

২৪ঘণ্টা অনলাইন: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ফাটল ও ধস দেখা দিয়েছে। এতে রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার, পুঁটিমারীসহ আশপাশের প্রায় ১০ গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে কাঁচকোল বাজার ও পুঁটিমারী এলাকার মধ্যবর্তী প্রায় ৪০ থেকে ৫০ মিটার অংশে নতুন করে ধস দেখা দেয়। এর আগে কয়েক দিনেও বাঁধের আরও দুটি স্থানে ফাটল ও ধস দেখা যায়।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, কাঁচকোল বাজার থেকে পুঁটিমারী পর্যন্ত প্রায় ৬০০ মিটার বাঁধের চারটি স্থানে প্রায় ২০০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুরো অংশটি ঝুঁকির মধ্যে রয়েছে।
এর আগে জুলাই মাসের ১, ১৬ ও ২০ তারিখে একই বাঁধের বিভিন্ন স্থানে ধস দেখা দিলে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে প্রায় দুই মাসের ব্যবধানে আবারও ধস দেখা দিয়েছে।
শুক্রবার দুপুরে খবর পেয়ে পাউবো রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, ধসের কারণে বাঁধের কংক্রিটের ব্লক ও জিও ব্যাগ নদে পড়ে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে তীরবর্তী বাড়িঘর ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ক্ষতিগ্রস্ত অংশের পরিমাণ নির্ধারণে পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে। মেরামতের অনুমতির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়া গেলে দ্রুত কাজ শুরু হবে। এর আগে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর ব্যবস্থা নেওয়া হবে।
