কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে আটক ৬২৪

২৪ঘণ্টা অনলাইন : কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার রাতে পরিচালিত এ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ৬২৪ জনকে আটক করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান।
পুলিশ জানায়, সম্প্রতি কুমিল্লায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এ অভিযান শুরু করা হয়। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায় ১৮টি থানার পুলিশ।
কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে—এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় আনা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।
আটক ব্যক্তিদের অতীত অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করছে পুলিশ। যাচাই শেষে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, আটক ৬২৪ জনের অপরাধের ধরন ও অতীত রেকর্ড যাচাই করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
