হৃদরোগে আক্রান্ত কাদের সিদ্দিকী হাসপাতালে

২৪ঘণ্টা অনলাইন : হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী। তার এনজিওগ্রাম সম্পন্ন হওয়ার পর হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।
২০ সেপ্টেম্বর কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হলে কাদের সিদ্দিকীকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শনিবার তার এনজিওগ্রাম করা হয়। ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রসুল আমিন শিপনের তত্ত্বাবধানে এই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।
এনজিওগ্রামের পর তার হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়। বর্তমানে তাকে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসকদের পর্যবেক্ষণে কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।
