সরকারকে সময় দিচ্ছি, তবে অন্যায়ের ভাগ নেব না: শফিকুর রহমান

২৪ঘণ্টা অনলাইন: সরকারকে এখনই এক দফার আন্দোলনে না গিয়ে সময় দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দাবি পূরণ না হলে একাধিক দাবি শেষ পর্যন্ত এক দফায় পরিণত হতে পারে। তবে আপাতত সরকারকে সেই সময় দেওয়া হচ্ছে।
১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথা মোড়ে ১১ দলের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘যদি দাবি না মানে আজ আট দফা, কাল হবে ১০ দফা—শেষ পর্যন্ত সব দফা মিলে এক দফায় পৌঁছাতে পারে। আমরা সেই এক দফা এখন চাচ্ছি না, সরকারকে সময় দিচ্ছি। তাদের শুভবুদ্ধির উদয় যদি না হয়, তাহলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। আমরা ওই পাপের ভাগ নিতে রাজি হবো না।’
তিনি বলেন, জনগণের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন হলে, দেশে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হলে লংমার্চের প্রয়োজন হতো না। একইভাবে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ, কৃষকদের ন্যায্যমূল্যে সার পাওয়া, তেল সংকটের সমাধান এবং মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হলেও এ কর্মসূচি পালন করতে হতো না।
জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধের দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট।
পথসভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জোটের বিভিন্ন নেতারা।
