রাজধানীর সাত স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ

২৪ঘণ্টা অনলাইন: রাজধানীর সাতটি এলাকায় একদিনে ১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় একজন রিকশাচালক আহত হয়েছেন।
১৮ সেপ্টেম্বর দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে ও মগবাজার এলাকায় এসব বিস্ফোরণের খবর পাওয়া যায়।
পুলিশ জানায়, মগবাজার মোড়ের একটি মসজিদের পাশে রাত সোয়া ৯টার দিকে ককটেল বিস্ফোরণ হলেও এতে কেউ আহত হননি। একইভাবে রাত ৮টার দিকে বাবুবাজার ব্রিজের নিচেও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
রামপুরায় বিটিভির প্রধান ফটকের বিপরীত সড়কে জোড়া ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর আগে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান নামে এক রিকশাচালক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া সন্ধ্যার দিকে মহাখালী ও আগারগাঁও বেতার ভবনের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে। জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
এদিকে রাত ১০টা ১৪ মিনিটে কাফরুল থানার সামনে ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনাগুলো তদন্তে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
