ব্যাংকে কোটি টাকার হিসাব বেড়ে ১ লাখ ৪১ হাজার

২৪ঘণ্টা অনলাইন:
দেশের ব্যাংকিং খাতে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবের সংখ্যা আবারও বেড়েছে। চলতি বছরের জুন শেষে এ ধরনের হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৬২টি। মাত্র তিন মাসে এই সংখ্যা বেড়েছে ৫ হাজার ৭৭টি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ শেষে ব্যাংকগুলোতে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাব ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি। জুন শেষে তা বেড়ে হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৬২টি।
একই সময়ে ব্যাংক খাতের সামগ্রিক আমানতও বেড়েছে। জুন শেষে দেশের ব্যাংকগুলোতে মোট হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫৮৮টি। এসব হিসাবে মোট আমানত ছিল ২২ লাখ ১০ হাজার ৪৪৪ কোটি টাকা।
মার্চ শেষে ব্যাংক খাতে মোট হিসাব ছিল ১৮ কোটি ২৬ লাখ ১২ হাজার ১৫টি। তখন আমানতের পরিমাণ ছিল ২১ লাখ ৫৮ হাজার ২ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ব্যাংক হিসাবে বেড়েছে ৩৭ লাখ ৭২ হাজার ৫৭৩টি এবং আমানত বেড়েছে ৫২ হাজার ৪১৯ কোটি টাকা।
খাতসংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের বাইরে থাকা অর্থের একটি অংশ আবার ব্যাংকিং ব্যবস্থায় ফিরছে। পাশাপাশি বড় ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের আমানত বৃদ্ধিও সামগ্রিক আমানত বাড়াতে ভূমিকা রাখছে।
তবে এক কোটি টাকার বেশি থাকা ব্যাংক হিসাবের সংখ্যা দিয়ে দেশে কোটিপতির প্রকৃত সংখ্যা নির্ধারণ করা যায় না। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, এসব হিসাবের মধ্যে ব্যক্তি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার হিসাব রয়েছে। একই ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক ব্যাংক হিসাবও পরিচালনা করতে পারে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বর শেষে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাব ছিল ৯৩ হাজার ৮৯০টি। ২০২১ সালের শেষে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ১ হাজার ৯৭৬টিতে। ২০২২ সালে এ সংখ্যা হয় ১ লাখ ৯ হাজার ৯৪৬টি।
এরপর ২০২৩ সালের শেষে কোটি টাকার বেশি থাকা হিসাব দাঁড়ায় ১ লাখ ১৬ হাজার ৯০৮টি। ২০২৪ সালের শেষে তা বেড়ে হয় ১ লাখ ২২ হাজার ৮১টি এবং ২০২৫ সালের ডিসেম্বর শেষে দাঁড়ায় ১ লাখ ৩৪ হাজার ৪৪টিতে।
সবশেষ চলতি বছরের জুন শেষে এই সংখ্যা আরও বেড়ে ১ লাখ ৪১ হাজার ৫৬২টিতে পৌঁছেছে।
অর্থনীতিতে এই প্রবৃদ্ধি একদিকে ব্যাংকিং ব্যবস্থায় বড় অঙ্কের অর্থের উপস্থিতি বাড়ার চিত্র তুলে ধরছে। অন্যদিকে একই সময়ে জীবনযাত্রার ব্যয় ও আর্থিক চাপ নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ থাকায় আয় ও সম্পদ বণ্টনের বৈষম্য নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
